`
Latest News
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ প্যারোলে মুক্তি মিলেনি, কারাগার থেকেই প্রতিবন্ধী ছেলেকে শেষ বিদায় ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী চুয়েটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, সাংবাদিককে মারধর উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার দল থেকে বাদ পড়লেন লায়ন

ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো

  • Views: 609
  • Share:
নভেম্বার ২৮, ২০২৬ ১৪:৪৩ Asia/Dhaka

একসময় ব্রাজিল মানেই ছিল ফুটবলের ছন্দ, সৌন্দর্য আর জাদুকরি সব মুহূর্ত। পায়ের কারুকাজে প্রতিপক্ষকে বোকা বানানো, চোখধাঁধানো ড্রিবলিং, দুর্দান্ত সব গোল আর মাঠজুড়ে ছন্দের দোলা। সব মিলিয়ে ব্রাজিলের ফুটবল ছিল আলাদা এক শিল্প। পেলে, গারিঞ্চা, জিকো, রোমারিও, রোনালদিনহো কিংবা রোনালদো নাজারি ওপ্রজন্মের পর প্রজন্ম ধরে এই সৌন্দর্যের ধারাই বিশ্ব ফুটবলকে মুগ্ধ করেছে। সবশেষ নেইমার জুনিয়রের ফুটবল সৌন্দর্যতেই বিমোহিত হয়েছে বিশ্ব।

দুই যুগ ধরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে প্রতিবারই ‘হেক্সা’ (ষষ্ঠ বিশ্বকাপ) জয়ের লক্ষ্যে গিয়ে হতাশা নিয়ে ফিরতে হয়েছে ব্রাজিলকে। কার্লো আনচেলত্তির অধীনে সর্বশেষ ২০২৬ বিশ্বকাপেও শেষ ৩২–এ নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে তারা বিদায় নিয়েছিল। বারবারই কেন এমন আক্ষেপ নিয়ে ব্রাজিলকে ফিরতে হচ্ছে সেটি ব্যাখ্যা করেছেন সর্বকালের অন্যতম সেরা নম্বর নাইনখ্যাত নাজারিও।

রোনালদো ‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে ব্রাজিলের ব্যাকফুটে অবস্থানে থাকার ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে নিজেদের প্রতিভার ওপর ভর করেই প্রচণ্ড আত্মবিশ্বাস কাজ করত আমাদের দেশে। কিন্তু আজকের ইউরোপীয়রা অনেক বেশি শক্তিশালী, দ্রুতগতির, সুসংগঠিত এবং তারা ভালো খেলে।’ 

আন্তর্জাতিক ফুটবলের প্রসঙ্গ উঠতেই নিজের উত্তরসূরীদের নিয়ে রোনালদোর মূল্যায়ন ছিল হতাশায় মোড়ানো। তিনি স্বীকারোক্তি দিয়ে বলেন, চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে এমন লড়াকু মানসিকতা প্রদর্শন করতে দেখা, যা ব্রাজিলের মধ্যে অনুপস্থিত— তা তার স্বদেশিদের জন্য ‘বেদনাদায়ক’। ব্রাজিলের বিশ্বকাপ জিততে না পারার কারণ হিসেবে রোনালদো উল্লেখ করেন, ‘ব্রাজিল বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট শক্তিশালী নয়। আমাদের শক্তিশালী দল নেই, আমরা ঐক্যবদ্ধ নই।’

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের সাবেক তারকা গোলরক্ষক গ্যারি নেভিল ও জেমি ক্যারাঘার। এ সময় রোনালদো ১৯৯৭ সালে ইতালির সেরি আ-তে নিজের যোগ দেওয়ার বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করেন। পিএসভি থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর স্পেনে তিনি দারুণ সফল মৌসুম কাটিয়ে জিতেছেন লা লিগা ও কাপ উইনার্স কাপ। সেখানে তার দুর্দান্ত ফর্ম দেখে ইন্টার মিলান রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করতে এবং তার বার্ষিক বেতন চার গুণ বাড়িয়ে দিতে রাজি হয়।

কাতালুনিয়ায় দারুণ ছন্দে থাকা সত্ত্বেও, ইতালীয় ক্লাবটির দেওয়া আর্থিক প্রস্তাবটিই শেষ পর্যন্ত নির্ণায়ক ভূমিকা পালন করে রোনালদোর জন্য। ওই সময় তার বার্সা ছেড়ে যাওয়ার আলোচিত বিষয়টি নিয়ে ব্রাজিল কিংবদন্তি বলেন, ‘বার্সা আমাকে ২০ মিলিয়নে কিনেছিল এবং তার একটি বড় অংশ আমি পেয়েছিলাম। সেখানে আমি বছরে দুই মিলিয়ন আয় করতাম, আর ইন্টার আমাকে আট মিলিয়ন দেওয়ার প্রস্তাব দিয়েছিল, তাই আমি যাওয়ার সিদ্ধান্ত নিলাম।’

১৯৯৬ সালের ব্যালন ডি’অর ভোটাভুটিতে ডিফেন্ডার ম্যাথিয়াস সামারের পেছনে থেকে দ্বিতীয় হওয়ার কারণে যে হতাশা তার মনে রয়ে গিয়েছিল, সেটিও স্বীকার করেছেন রোনালদো, ‘আমি সামারের কাছে হেরে গিয়েছিলাম, যে কি না একজন ডিফেন্ডার ছিল। আমি ক্ষুব্ধ ছিলাম, কারণ বার্সেলোনার হয়ে আমি দুর্দান্ত খেলেছি এবং প্রচুর গোল করেছি।’ মিলানে নিজের প্রথম মৌসুমেই ১৯৯৭ সালের ব্যালন ডি’অর জিতে তিনি সেই আক্ষেপ দূর করেন; পরবর্তীতে ২০০২ সালে বিশ্বকাপ জয়ের পর তিনি আবারও জেতেন মর্যাদাপূর্ণ এই পুরস্কার।

নিজের সময়ের তুলনায় আধুনিক ফুটবলের ফরোয়ার্ডরা ডিফেন্ডারদের সামনে তুলনামূলক বলেও মনে করেন ‘দ্য ফেনোমেনন’, ‘আজকের স্ট্রাইকারদের জীবন আমাদের তুলনায় অনেক সহজ। আমিও যদি এমন সুরক্ষা পেতাম, তবে ভালো হতো! আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আমাদের প্রজন্মে প্রচুর দুর্দান্ত ও আক্রমণাত্মক খেলোয়াড় ছিল, অথচ আমাদের সুরক্ষার জন্য কেউ ছিল না।’

user
user
Ad