৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের
দেশের সড়ক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন, পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনা এবং যানজট নিরসনে ৫ বছরে দেশের বিভিন্ন রুটে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।
২৩২ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম সড়ক, ঢাকার রামপুরা থেকে ডেমরা পর্যন্ত ১৩ কিলোমিটার, জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ৮৫ কিলোমিটার, গাবতলী থেকে নবীনগর পর্যন্ত ২৪ কিলোমিটার ও রংপুর থেকে ভোগড়া পর্যন্ত ২৬০ কিলোমিটার সড়কপথ।
এ পরিকল্পনার আওতায় দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করে একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলা হবে।
একই সঙ্গে সমুদ্রবন্দর, অর্থনৈতিক অঞ্চল, সীমান্ত ও এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে প্রণীত অ্যাকশন ম্যাট্রিক্সে এ পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।
এতে শুধু এক্সপ্রেসওয়ে নির্মাণ নয়, গ্রামীণ সড়ক পাকাকরণ, গুরুত্বপূর্ণ নদীর ওপর নতুন সেতু নির্মাণ, মহাসড়কের সক্ষমতা বৃদ্ধি, নগর পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, সড়ক দখলমুক্ত করা ও দুর্ঘটনা কমাতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনা বাস্তবায়নের নেতৃত্বে থাকবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
এ কাজে সহযোগিতা করবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি), স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
কর্মপরিকল্পনা অনুযায়ী, জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলতে প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য এক্সপ্রেসওয়ে করিডরের ম্যাপিং করা হবে।
এ ক্ষেত্রে যেসব সড়কে যানবাহনের চাপ বেশি, পণ্য ও যাত্রী পরিবহনের চাহিদা বেশি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে, সেসব রুটকে অগ্রাধিকার দেওয়া হবে।
ম্যাপিংয়ের মাধ্যমে সম্ভাব্য করিডর, সংযোগ সড়ক ও গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগের প্রয়োজনীয়তা নির্ধারণ করা হবে।
পরবর্তী এক বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ সম্পন্ন করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাঁচ বছরের কর্মপরিকল্পনায়ও এক্সপ্রেসওয়ে গ্রিড সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ নেটওয়ার্কের মাধ্যমে দেশের সব জেলার মধ্যে চার লেনের মহাসড়কভিত্তিক যোগাযোগ প্রতিষ্ঠার পাশাপাশি সমুদ্রবন্দর, অর্থনৈতিক অঞ্চল, স্থলবন্দর ও সীমান্তবর্তী এলাকার সঙ্গে পণ্য পরিবহন সহজ করার পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের সড়ক যোগাযোগব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও গতিশীল করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।
তিনি বলেন, আমরা এমন একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলতে চাই, যার মাধ্যমে দেশের সব জেলা চার লেনের মহাসড়কের সঙ্গে যুক্ত হবে। এতে শুধু রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হবে না, সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলের সঙ্গেও সড়ক যোগাযোগ আরো শক্তিশালী হবে।
সড়ক মন্ত্রী আরো বলেন, পাঁচ বছরের কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে অর্থনৈতিক সম্ভাব্যতা, পরিবেশগত প্রভাব ও জনস্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় একটি অংশ সড়ক পরিবহনের ওপর নির্ভরশীল। শিল্প-কারখানার কাঁচামাল আনা, উৎপাদিত পণ্য বাজারজাত করা, কৃষিপণ্য পরিবহন ও দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রী চলাচলের ক্ষেত্রে সড়ক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ, অপর্যাপ্ত সড়ক সক্ষমতা, বাজার ও জনবসতিতে যানজট এবং বিভিন্ন স্থানে সড়কের দুর্বল সংযোগ পরিবহনব্যবস্থাকে ব্যয়বহুল করে তুলছে।
এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলা গেলে দীর্ঘপথে দ্রুত ও নিরবচ্ছিন্ন যোগাযোগের সুযোগ তৈরি হবে বলেও পরিকল্পনায় প্রত্যাশা করা হয়েছে। এ ছাড়া জাতীয় সড়ক যোগাযোগের পাশাপাশি গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে পর্যায়ক্রমে দেশের সব গ্রামীণ সড়ক পাকা করার পরিকল্পনা রয়েছে সরকারের।
এ লক্ষ্যে প্রথম ছয় মাসে এমন স্থানগুলো চিহ্নিত করা হবে, যেগুলোর সঙ্গে মহাসড়ক, স্থানীয় বাজার ও বাণিজ্যিক কেন্দ্রের যোগাযোগব্যবস্থা দুর্বল। বিশেষ করে কৃষিপণ্য উৎপাদন হয় এমন এলাকা, প্রত্যন্ত জনপদ ও যোগাযোগ সুবিধাবঞ্চিত গ্রামগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এক বছরের মধ্যে অগ্রাধিকারপ্রাপ্ত গ্রামীণ সড়কগুলোতে বড় পরিসরে পাকাকরণ কার্যক্রম শুরু করা হবে। পাঁচ বছরের মধ্যে গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলোকে অর্থনৈতিক করিডরের সংযোগ সড়ক হিসেবে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এর ফলে কৃষকরা উৎপাদিত পণ্য দ্রুত স্থানীয় বাজার ও বড় বাণিজ্যিক কেন্দ্রে নিতে পারবেন। একই সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজনীয় নাগরিক সুবিধা গ্রহণ সহজ হবে।
গ্রামীণ সড়ক উন্নয়নের ক্ষেত্রে শুধু সড়ক পাকা করাই নয়, সড়কের স্থায়িত্ব, পানি নিষ্কাশন, কালভার্ট ও ছোট সেতুর সক্ষমতা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ। কারণ বর্ষা মৌসুমে অনেক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পরিকল্পনাটি বাস্তবায়নের সময় এসব বিষয় বিবেচনায় নেওয়া হলে গ্রামীণ যোগাযোগব্যবস্থার দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব হবে।
অন্যদিকে, অতিরিক্ত ভারি যানবাহনের চাপে মহাসড়কের স্থায়িত্ব কমে যাওয়া ও সড়ক রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
এ লক্ষ্যে প্রথম ছয় মাসের মধ্যে জাতীয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়নের পরিকল্পনা রয়েছে। এক বছরের মধ্যে সারা দেশে অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ স্টেশনের সংখ্যা বাড়ানো হবে। পাঁচ বছরের মধ্যে পূর্ণাঙ্গ জাতীয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ ও প্রয়োগব্যবস্থা কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড বাস্তবায়নের আগে দেশের গুরুত্বপূর্ণ সড়ক করিডরগুলো চিহ্নিত করা হবে। প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য করিডরের ম্যাপিং করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, যানবাহনের চাপ, পণ্য পরিবহনের চাহিদা, শিল্পাঞ্চলের অবস্থান ও আঞ্চলিক যোগাযোগের প্রয়োজন বিবেচনায় নিয়ে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।
সচিব আরো বলেন, পাঁচ বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের যে লক্ষ্য রয়েছে, তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হবে। এছাড়া প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন ও জমি অধিগ্রহণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
এ ব্যবস্থার আওতায় পণ্যবাহী ট্রাক ও অন্যান্য ভারী যানবাহনের নির্ধারিত ওজনসীমা অতিক্রমের বিষয়টি নজরদারির আওতায় আনা হবে।
প্রয়োজনীয় প্রযুক্তি ও মনিটরিং ব্যবস্থা চালুর মাধ্যমে অতিরিক্ত ওজন বহনকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে মহাসড়কের ক্ষয়ক্ষতি কমবে ও সড়কের স্থায়িত্ব বাড়বে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, নির্ধারিত ছয় মাস, এক বছর ও পাঁচ বছরের সময়সীমা অনুযায়ী পরিকল্পনাগুলো— বিশেষ করে তিন হাজার কিলোমিটার করিডরের ম্যাপিং, ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ ও দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করার লক্ষ্য বাস্তবে রূপ পেলে দেশের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মত প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
- ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা
- পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ
- প্যারোলে মুক্তি মিলেনি, কারাগার থেকেই প্রতিবন্ধী ছেলেকে শেষ বিদায়
- ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো
- মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
- চুয়েটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, সাংবাদিককে মারধর
- উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী
- ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার দল থেকে বাদ পড়লেন লায়ন
- যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দুই যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষ
- রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে ফের পেট্রলবোমা নিক্ষেপ
- আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত নির্বাচন
- সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রল বোমা হা'ম'লা
- কেমন শিক্ষাক্রম চাই মত জানতে বিশিষ্টজনদের নিয়ে সংলাপে বসছে এনসিটিবি
- প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়লো একদিন
- ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার
- আফগানিস্তানে মেয়েদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা
- আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী
- ঢাকায় আসছেন শাকিরা
- হাফ পাস নিয়ে ছাত্রীকে হেনস্তার অভিযোগ
- গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় রয়েছি: শিক্ষামন্ত্রী