`
Latest News
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ প্যারোলে মুক্তি মিলেনি, কারাগার থেকেই প্রতিবন্ধী ছেলেকে শেষ বিদায় ব্রাজিলের বিশ্বকাপ জেতার সামর্থ্য আর নেই : রোনালদো মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী চুয়েটে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, সাংবাদিককে মারধর উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার দল থেকে বাদ পড়লেন লায়ন

গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় রয়েছি: শিক্ষামন্ত্রী

Views: 1180 Share:
নভেম্বার ২৮, ২০২৬ ১৮:১৭ Asia/Dhaka
গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় রয়েছি: শিক্ষামন্ত্রী
গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীরা যাতে একটি বা দুটি বিষয়ে পরিবর্তনের কারণে দীর্ঘদিন পড়াশোনার বাইরে থেকে মাদকাসক্তি কিংবা মোবাইল আসক্তিতে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলনে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, রেফার্ড শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের বছরের পর বছর বসে থাকতে না হয়। তিনি বলেন, ‘আমরা চাই না, রেফার্ড নিয়ে বা একটি-দুটি বিষয়ে ফেল করার কারণে তারা বছর পর বছর বসে থাকুক এবং মাদকাসক্ত হোক, মোবাইল আসক্ত হোক। আমরা এটা চাই না। তাই এই শিক্ষাব্যবস্থায় আমরা রেফার্ড পরীক্ষা নিয়ে নিয়েছি।’

তিনি জানান, আগামী ২ ডিসেম্বর রেফার্ড পাওয়া শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রায় ২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী অংশ নেবেন। পুনর্নিরীক্ষণের ফলও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা করা হয়েছে।

শিক্ষাব্যবস্থার বিভিন্ন অসংগতি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, অতীতে দেশের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় পরিকল্পনা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। কোথাও অযাচিতভাবে প্রতিষ্ঠান হয়েছে, আবার কোথাও প্রয়োজন থাকা সত্ত্বেও হয়নি। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার সুযোগের মধ্যে ভারসাম্য ছিল না।

তিনি বলেন, ‘আজকে (ঢাকা বিশ্ববিদ্যালয়ের) সলিমুল্লাহ হলের বিল্ডিং ভেঙে পড়েছে, খোঁজ নেওয়ার লোক নেই। এটি ছিল বিগত সময়ে শিক্ষাব্যবস্থার উন্নয়ন।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে বিষয় খোলার ক্ষেত্রেও যথাযথ পরিকল্পনার অভাব রয়েছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘একটি কলেজে গিয়ে দেখলাম একজন শিক্ষক, তিনজন ছাত্র—এমন কলেজও দেখেছি। বিষয় খোলা হয়েছে, শিক্ষক রয়েছে, কিন্তু ছাত্র নেই। আজকে আমরা জানি, অনেক ইউনিভার্সিটিতে অনার্স খোলা হয়েছে। আমার কাছে সেই রিপোর্ট রয়েছে। সেই অনার্সে শিক্ষক আছে তো ছাত্র নেই, আবার কোথাও ছাত্র আছে তো শিক্ষক নেই। এই অবস্থা আমাদের হয়েছে।’

শিক্ষকদের দায়িত্ব ও পরীক্ষার খাতা মূল্যায়নের মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ৪২ হাজার খাতার গ্রেড পরিবর্তন হয়েছে। এ ছাড়া এইচএসসি পরীক্ষার ফলেও পুনর্নিরীক্ষণের পর উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এ বিষয়ে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষায় আমরা খাতা নিয়ে পরীক্ষা করেছি। ৪২ হাজার খাতার গ্রেড চেঞ্জ হয়েছে। কারা এই খাতা দেখেছিল? আমাদের শিক্ষকরাই তো দেখেছিল। পুনর্নিরীক্ষণের ফলে যদি এত গ্রেড পরিবর্তন হয়, তাহলে শিক্ষকদের এই জায়গাটিতে দৃষ্টি দিতে হবে না?’

শিক্ষার্থীদের পাসের হার কম হওয়ার পেছনে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাব্যবস্থার দায় রয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন শিক্ষামন্ত্রী।

অধ্যক্ষদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কম হলেও তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট তৈরি হোক, সরকার তা চায় না। শিক্ষকদের বিভিন্ন যৌক্তিক দাবি ও সুযোগ-সুবিধার বিষয়েও সরকার ভাবছে বলে জানান তিনি।

শিক্ষকদের রাজপথে না গিয়ে আলোচনার মাধ্যমে দাবি উপস্থাপনের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, যৌক্তিক দাবির জন্য শিক্ষকদের রাজপথে আসতে হবে না। আমিও তার সঙ্গে সুর মিলিয়ে বলছি, দায়িত্ব আমাকে দিয়েছেন। আমরা আপনাদের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব এবং প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু আপনারা সরকারি শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক—ক্লাস বাদ দিয়ে আপনাদের দাবি আদায়ের জন্য রাজপথে আসবেন না।

user
user
Ad
Ad