`

এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে

  • Views: 916
  • Share:
আগষ্ট ৩১, ২০২৬ ১০:৫২ Asia/Dhaka

যুক্তরাষ্ট্রের বিখ্যাত ভ্রমণস্থান গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের দুর্গম অঞ্চলে আকস্মিক ঢল ও বন্যায় অন্তত ১৫ জন হাইকার নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় রোববার (৩০ আগস্ট) বিকেলে যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজের এক প্রতিবেদনে পার্ক কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়।

ন্যাশনাল পার্ক সার্ভিস অ্যারিজোনার ব্রাইট এঞ্জেল ক্রিক সংলগ্ন পাহাড়ি এলাকায় অবস্থানরত বা ভ্রমণরত যেকোনো পর্যটকের তথ্য জানাতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে। পাশাপাশি ফ্যান্টম র‌্যাঞ্চ কিংবা ব্রাইট এঞ্জেল ক্যাম্পগ্রাউন্ডে অবস্থান নেওয়া ক্যাম্পারদের সন্ধানেও জোর অভিযান চালানো হচ্ছে। এ ছাড়া নর্থ কাইবাব ট্রেইল সংলগ্ন দুর্গম পথগুলোতে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে মাঠে কাজ করছেন পার্কের উদ্ধারকারী কর্মকর্তারা।

এর আগে রোববার সকালের দিকে নিখোঁজের সংখ্যা অন্তত ২০ জন বলে ধারণা করা হয়েছিল। ওই সময়সীমার মধ্যে ফ্যান্টম র‌্যাঞ্চ ও নর্থ কাইবাব ট্রেইলের নিচু এলাকাগুলো থেকে প্রায় ৬২ জন পর্যটককে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।

পার্ক কতৃপক্ষ জানিয়েছে, ঢলের প্রচণ্ড তোড়ে ব্রাইট এঞ্জেল ক্রিক সংলগ্ন হাঁটার সেতুগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। সেতু ধসে পড়ায় ওই খালের ওপর দিয়ে পায়ে হেঁটে চলাচলের পথ পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। একই সঙ্গে সার্বিক ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে কলোরাডো নদীর ওপর থাকা কয়েকটি বিশেষ সেতু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

পার্ক সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, আকস্মিক এ বন্যার কারণে ব্রাইট এঞ্জেল ক্যানিয়ন অঞ্চলের অবকাঠামো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। জাতীয় পার্কের কর্মীরা পাহাড়ি পথ, সেতু, ইউটিলিটি সেবা, স্থাপনা এবং সার্বিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছেন।

অন্যদিকে কাদার সঙ্গে পাহাড়ি ঢলে ভেসে আসা বিশাল ধ্বংসাবশেষ ও গাছের গুঁড়ির কারণে নিরাপত্তার স্বার্থে কলোরাডো নদীতে সব ধরনের নৌযান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

user
user
Ad
Ad